ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, সেনা মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। রাতেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার সকালে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রায় দুই দফা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজনা বাড়তে থাকায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল এসে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। ভবিষ্যতে যেন আর কোনো সংঘর্ষ না ঘটে, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

স্থানীয়রা জানান, এ ধরনের সংঘর্ষ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসন বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।