ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো আক্রান্ত। নির্যাতন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত তা বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়েছে বলা যাবে না।”
তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ সারা বিশ্বের বাংলাদেশিদের প্রতি, যারা দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন, সাড়া দিয়েছেন।”
বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন সহকর্মী ও পরিবারের সদস্যরা।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটায় তিনি ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
শহিদুল আলম ছিলেন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সদস্য, যা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ৮ অক্টোবর ইসরায়েলি বাহিনী তাকে আটক করে নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে নিয়ে যায়।
তার মুক্তি ও দেশে ফেরার খবর আন্তর্জাতিক মহলে স্বস্তি ও মানবিক সহায়তার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।