গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের মাধ্যমে এসব ট্রাকে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস বহন করা হবে।
ইসরায়েলের আর্মি রেডিও’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার দক্ষিণ দিক থেকে সালাহ আল-দিন ও আল-রশিদ সড়ক ব্যবহার করে এসব ট্রাক উত্তর দিকে চলাচল করবে।
এছাড়া যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনি বাসিন্দারা রাফাহ সীমান্তপথ দিয়ে নিজ এলাকায় ফেরার অনুমতি পাবেন। মিশরের সঙ্গে ২০২৫ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই চলাচল কার্যকর হবে। তবে ইসরায়েলের অনুমোদন এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পরিদর্শনের অধীনে এই প্রক্রিয়া পরিচালিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীদের সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার নিজ এলাকায় ফিরতে পারবেন।
মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।