ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াতকে ধন্যবাদ জানালেন ভিপি নুর, সামাজিক মাধ্যমে আলোচনা

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত একটি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুর লেখেন, “পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য হবে।”

এই পোস্টটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। কেউ কেউ নুরের বক্তব্যকে প্রশংসাযোগ্য বলে মন্তব্য করেন, আবার কেউ কেউ সমালোচনাও করেন।

এর আগে বিকেলে রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া একটি সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। পুলিশি বাধার মুখে সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়। উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।

জাপা মহাসচিব বলেন, “আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই বক্তব্য দিতে চেয়েছিলাম। কিন্তু সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “জাতীয় পার্টি অনুমতির জন্য আবেদন করেছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। রাস্তার ওপর সমাবেশ করার অনুমতি ছিল না।”

সন্ধ্যার দিকে পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। তারা ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারবিরোধী অবস্থান তুলে ধরেন।