ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত ৩ যুবক

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি কনসার্ট চলাকালে রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যান্ড দল ‘আর্টসেল’ মঞ্চে ওঠার পর দুটি গান পরিবেশন করে। এরপর তারা গান পরিবেশনে অপারগতা জানায়। ঠিক সেই সময়, এশার আজানের আগে কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে উপস্থিত বিএনপি সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও শটগান ব্যবহার করে। খুলশী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি।

নগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার শ্রীমা চাকমা জানান, হোন্ডা আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে কনসার্টটি অনুষ্ঠিত হয়, তবে আয়োজকেরা অনুমতি নেননি। তিনি বলেন, “কিছু উচ্ছৃঙ্খল যুবক ভাঙচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও শটগান ব্যবহার করে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ শরিফ (২৩) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলশী থানার ডেবারপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আহতদের পরিচয় ও সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।