ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্মরণসভায় ফখরুল: নির্বাচনের পথে যাত্রা শুরু, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে প্রয়াত আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের রাস্তায় গাড়ি উঠে গেছে, আর অপেক্ষা নয়—এ যাত্রা শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে।”

তিনি অভিযোগ করেন, বিএনপিকে সংস্কারবিরোধী দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে। তবে তার ভাষায়, “বিএনপিই সংস্কারের জন্মদাতা। জিয়াউর রহমানের উদ্যোগেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।”

ফখরুল বলেন, নির্বাচনকে ব্যাহত করার নানা প্রচেষ্টা চলছে। তিনি দাবি করেন, গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের লক্ষ্যই ছিল সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো বহাল আছে। কিন্তু বর্তমানে দেশ পরিচালনায় আমলাদের প্রভাব বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আমাদের একটাই দাবি—গণতন্ত্র পুনরুদ্ধার। এজন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সংসদ।”

সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, সরকারের কিছু উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তিনি সতর্ক করে বলেন, “জনগণ কোনো পক্ষপাতিত্ব মেনে নেবে না।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে ফখরুল বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতার ভিত্তিতে হতে হবে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয়গুলো বন্ধ হওয়া জরুরি। তার ভাষায়, “আমরা বন্ধুত্ব চাই, কিন্তু হস্তক্ষেপ মেনে নেব না।”