ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক পেটানো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না: শহীদ মিনারে এনসিপি নেতা হাসনাতের প্রতিবাদ

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।”

রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের মাঝে উপস্থিত হয়ে তিনি বলেন, “এই হীন কাজের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সূর্য ডোবার আগেই মুক্তি দিতে হবে।”

উল্লেখ্য, মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসাভাতা এবং উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। সকাল ৮টা থেকে প্রেসক্লাবের সামনে অবরোধ শুরু হলেও পুলিশের অ্যাকশনের পর তাঁরা শহীদ মিনারে অবস্থান নেন।

হাসনাত বলেন, “আপনাদের চাওয়া তো কত কম—বাংলাদেশে কোনো হাসপাতালে ১ হাজার ৫০০ টাকায় চিকিৎসা হয় না, অথচ শিক্ষকদের দাবি এই অল্প পরিমাণ ভাতা।”

তিনি স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে বলেন, “দেশের স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে থাকা উপদেষ্টা নিজে অসুস্থ হলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?”

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “এই দাবি রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। যতক্ষণ পর্যন্ত না এই মোনাফেক অন্তর্বর্তী সরকার দাবি মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।”

এদিন শহীদ মিনারে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। শিক্ষাব্যবস্থার প্রতি তাঁদের কোনো দায়বদ্ধতা নেই।”

সামান্তা আরও বলেন, “শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সরকারের উদাসীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। শিক্ষা উপদেষ্টা নিজে শিক্ষক হয়েও শিক্ষকদের মর্যাদা বোঝেন না।”

তিনি অভিযোগ করেন, “গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারে উপদেষ্টাদের উচিত ছিল সবার জন্য সহজলভ্য থাকা। কিন্তু তাঁরা নিজেদের বড় কিছু মনে করেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না।”