ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তায়েবা হত্যায় ন্যায়বিচারের আশ্বাস: নিহত পরিবারের পাশে জেলা আইন কর্মকর্তারা

শরীয়তপুরের সখিপুরে চাঞ্চল্যকর তায়েবা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা আইন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি পরিচালনা করা হবে এবং নিহত শিশুর পরিবারের পাশে থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শরীয়তপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মনিরুজ্জামান দিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামে গিয়ে নিহত তায়েবা সরদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা পরিবারকে সমবেদনা জানান এবং আইনি সহায়তার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মৃধা নজরুল কবির, এড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর এড. আনোয়ার হোসেন খান, এড. এনামুল হক এনাম, এড. সুলতান নাসির ও এড. শহিদুল ইসলাম।

জেলা পাবলিক প্রসিকিউটর এড. মনিরুজ্জামান দিপু বলেন, “শিশু তায়েবা হত্যার ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রপক্ষ থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোনোভাবেই অপরাধীরা যাতে পার না পায়, সেদিকে আমাদের নজর থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে সখিপুর উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের ছয় বছরের কন্যা তায়েবা সরদার নিখোঁজ হয়। দুইদিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করে।