ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বেসামরিক আদালতে উপস্থাপন ও ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘ হাইকমিশনারের

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা জরুরি, যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

বুধবার (১৫ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য তুলে ধরা হয়। তুর্ক বলেন, “বাংলাদেশে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, যা ভিকটিম ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

তিনি আরও বলেন, “এই মামলাগুলো অত্যন্ত স্পর্শকাতর। তাই ভিকটিম ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।”

জাতিসংঘের পূর্ববর্তী তথ্যানুসন্ধান প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল, ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে জবাবদিহির আওতায় আনতে হবে।

হাইকমিশনার বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানান, আগের প্রশাসনের সময় করা মামলাগুলোর নিষ্পত্তিতে অগ্রাধিকার দিতে হবে এবং নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন, চলমান মামলায় যেন মৃত্যুদণ্ডের রায় না দেওয়া হয়। ব্যক্তিগত জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অগ্রগতির পথ হলো—সত্য বলা, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায়বিচারের সমন্বিত প্রক্রিয়া।”

তুর্ক তার বিবৃতিতে স্পষ্টভাবে বলেন, “আমি এখনকার উদ্বেগগুলোকে আন্তর্জাতিক আইনের নিরিখে মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি।”