দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সদ্য ঘোষিত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাতের অন্ধকারে পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে। হামলার শিকার এলাকাগুলোর মধ্যে উরগুন ও বারমাল বিভাগও রয়েছে, যেখানে নারী ও শিশুরাও হতাহত হয়েছে।
এর মাত্র দুই দিন আগে, বুধবার, সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। কিন্তু সেই সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন, “উসকানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা চালাবে না।” তবে পাকিস্তানের সর্বশেষ আক্রমণের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
খামা প্রেসের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। পাকিস্তানি সেনাদের বিমান হামলার পর আফগান সেনারাও পাল্টা আক্রমণ শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাকতিকার সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে সীমান্ত সংকট আরও বিস্তৃত হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।