শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের সময়, মঞ্চের পেছনে বসে ছেলেকে স্মরণ করে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে।
২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন কাভার করতে গিয়ে ধানমন্ডির সেন্ট্রাল রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়। সেই দিন দেশজুড়ে চলছিল কারফিউ।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছেলের আত্মত্যাগের সম্মাননা গ্রহণ করলেও সামসি আরা জামানের চোখ ছিল সাংবাদিকদের ভিড়ে—যেন খুঁজছিলেন সেই পরিচিত মুখ, যে একদিন ক্যামেরার চোখে ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করত।
প্রত্যক্ষদর্শী বুয়েটের সাবেক শিক্ষার্থী তানভীর আরাফাত ধ্রুব জানান, “সেদিন বিকেলে শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ পুলিশের গুলিবর্ষণ শুরু হয়। তাহির জামান এক তরুণীকে বলছিলেন, ‘যাই হোক আমরা কিন্তু একসাথে থাকবো।’ কিছুক্ষণ পরেই দেখি তার নিথর দেহ পড়ে আছে, মাথা থেকে রক্ত ঝরছে।”
আন্দোলনকারীরা তাহিরের দেহ হাসপাতালে নিতে চাইলেও পুলিশি গুলির কারণে ব্যর্থ হন। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয় তার মরদেহ।
সামসি আরা জামান জানান, প্রিয় তার মা ও মেয়ে পদ্মপ্রিয় পারমিতাকে একটি সুন্দর জীবন দেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন আজ নিঃশেষ। পাঁচ বছর বয়সী মেয়ে এখনও বাবাকে খুঁজে বেড়ায়।
সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠনের তথ্যমতে, গত ১৫ বছরে বাংলাদেশে শহীদ হয়েছেন ৬১ জন সাংবাদিক। ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৬ জন, তাদের একজন তাহির জামান প্রিয়।