ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহিদ সরকার ও ছাত্রলীগ নেতা দস্তগীর গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

একই দিনে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দস্তগীর ইসলাম সজীবকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। নাটোরের এন এস সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক দস্তগীরের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর দস্তগীর ঢাকায় আত্মগোপন করেন এবং বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতে সক্রিয় ছিলেন। তিনি নিজেই ককটেল তৈরির উপকরণ সংগ্রহ করে বিস্ফোরণ ঘটাতেন। সর্বশেষ ১৬ অক্টোবর হাতিরঝিলে একটি বিক্ষোভে অংশ নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান এবং তা ফেসবুক লাইভে প্রচার করেন।

নিরাপত্তা সংস্থাগুলোর মতে, এসব কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য হুমকি এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।