চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি নামে এক যুগলকে আন্তর্জাতিক পর্নো সাইটে সক্রিয় থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার ভোর সাড়ে ৩টায় বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। এরপর থেকে এক বছরের মধ্যে তারা ১১২টি ভিডিও প্রকাশ করে, যা ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এর ফলে ২০২৫ সালের অক্টোবর নাগাদ আন্তর্জাতিক পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে উঠে আসে।
তিনি আরও জানান, শুধু নিজেরাই নয়, অন্যদেরও এই কাজে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচারণা চালিয়ে নতুনদের প্রলুব্ধ করতেন তারা। এমনকি টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর যুক্ত করলে নগদ অর্থ দেওয়ার প্রলোভনও দেখানো হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন। অথচ দুজনেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি।
সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, “অনলাইন জগৎ সবার জন্য উন্মুক্ত হওয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তবে ইতোমধ্যে তাদের প্রকাশিত ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখা না যায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আয়ের উৎস ও অর্থপাচারের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, আজিম ফল ব্যবসায়ী পরিচয়ে ১২ অক্টোবর বান্দরবানের বালাঘাটা এলাকায় ১০ হাজার টাকায় একটি বাসা ভাড়া নেন। নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসা ভাড়া নিলেও খুব একটা বাইরে যেতেন না।