ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসনে রদবদলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে: প্রধান উপদেষ্টা ইউনূস

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রশাসনিক রদবদলের পূর্ণ দায়িত্ব তার হাতে থাকবে।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সরাসরি তার তত্ত্বাবধানে হবে। একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে, এমন যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে বিএনপি নেতারা বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানান। বিশেষ করে যারা আওয়ামী লীগ শাসনামলে ভোট পরিচালনায় যুক্ত ছিলেন, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তারা। পাশাপাশি প্রশাসনে রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।