ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের খানপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে আবু হানিফ (৩০) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

নিহত হানিফ বাগেরহাটের শরণখোলার বাসিন্দা এবং স্থানীয় একটি বাড়ির নৈশপ্রহরী ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

ভিডিওতে দেখা যায়, হানিফকে মাটিতে ফেলে কয়েকজন যুবক বারবার ইট দিয়ে আঘাত করছে। সোমবার দুপুরে তাকে বাসা থেকে তুলে নিয়ে শহরের খানপুর জোড়া ট্যাংকি মাঠে নিয়ে যাওয়া হয় এবং দফায় দফায় মারধর করা হয়। সন্ধ্যায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার, সাইদুল ইসলাম ও মুশফিকুর রহমান জিতু। ভিডিও দেখে বাকি আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, হানিফ নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।