নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, “আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দুরবস্থার মূল কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধার অভাব। সভ্য দুনিয়ার মতো আমাদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদের নিরপেক্ষ, আইনসম্মত ও ন্যায়ভিত্তিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের মধ্যে সমন্বয় একটি বড় বিষয়। উপজেলা পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের ওপরই এই সমন্বয়ের দায়িত্ব বর্তায়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং ও পোলিং অফিসার, কেন্দ্রীয় ও জেলা মনিটরিং সেলসহ সার্বিক ব্যবস্থাপনায় আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সরকারি কর্মকর্তাদের মান ভূলুণ্ঠিত হয়েছে সন্দেহ নেই। এখন সময় এসেছে সঠিকভাবে দায়িত্ব পালনের।”
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন।”
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ জানান, “প্রবাসী ও কারাবন্দিদের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং তারা ভোট দিয়ে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। এ জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যা ১৬ নভেম্বর উন্মুক্ত করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।