ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির রামগড়ে বাবাকে হত্যার পর মাকে দিয়ে অপমৃত্যুর মামলা করান ছেলে, গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি

খাগড়াছড়ি, ২৩ অক্টোবর ২০২৫:
খাগড়াছড়ির রামগড়ে বাবাকে হত্যার অভিযোগে ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) গ্রেপ্তার হয়েছে। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে মাকে দিয়ে অপমৃত্যুর মামলা করানো হলেও শেষ পর্যন্ত সত্য গোপন রাখা যায়নি।

পুলিশ জানায়, বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রামগড়ের গর্জনতলীর নিজ বাসা থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তোলা হলে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই। পারিবারিক কলহের জেরে শুভ চন্দ্র নাথ তার বাবা মাখন চন্দ্র নাথকে (৫৪) কোদালের কাঠের হাতল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রীকে দিয়ে থানায় অপমৃত্যুর মামলা করানো হয়।

তবে ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হলে নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা হলে সে হত্যার দায় স্বীকার করেছে।”