শরীয়তপুর, ২৪ অক্টোবর: নড়িয়া উপজেলার আটপাড়া গ্রামে নিখোঁজ জয়নাল সরদার (৬০) নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্রামের রাস্তার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়নাল সরদার ঘড়িসার ইউনিয়নের ইছাপাশা গ্রামের মৃত সামছু সরদারের ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং সুরেশ্বর দরবার শরীফের ভক্ত হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, বুধবার রাত ৮টার দিকে দরবার শরীফে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ডোবার মধ্যে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটির বিশেষ অঙ্গ কর্তিত অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
নিহতের মেয়ে আশা আক্তার অভিযোগ করে বলেন, “বুধবার রাতে দরবার শরীফ থেকে আমার বাবা নিখোঁজ হন। আজ তার মরদেহ পাওয়া গেল। আমাদের ধারণা, দরবার শরীফের কেউ তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।