ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর: সদর উপজেলার বিরামপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নাছির মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পাড়ার ব্যবসায়ী সাচ্চু মিয়া ও পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে উত্তেজনা চরমে পৌঁছালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অনেককে হেলমেট ও প্যাড পরে আত্মরক্ষার চেষ্টা করতে দেখা যায়। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে গুরুতর আহত নাছির মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।