শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।
শনিবার দুপুরে (২৫ অক্টোবর) র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত শনিবার ২৫ অক্টোবর সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “গত ২১ অক্টোবর দুপুরে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকায় নাজমা বেগমকে তার ভাড়া বাসায় হত্যা করে পালিয়ে যায় আসামিরা। পরে দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করি।”
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রিপন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সোনাই মোল্লার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান। তার কাছ থেকে নিহত নাজমা বেগমের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।
নিহত নাজমা বেগম (৪২) শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজীকান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। তিনি রূপনগর এলাকায় ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
ঘটনার পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।