ঢাকা, ২৬ অক্টোবর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী দল হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।” তিনি দাবি করেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।
রোববার দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। নুরুল হক নুরকেও রক্ত ঝরাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদী শক্তি অংশ নিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।”
এনসিপির এই নেতা আরও বলেন, “বাংলাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আসবে, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এজন্য জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় আমরা একত্রিত হয়েছি এবং জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়েছি।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশকে সংকট থেকে উত্তোলন করতে হলে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই।”