খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলেও স্থানীয়দের একাংশ এর বিরোধিতা করছে। তারা দাবি করছে, জায়গাটি আর্য কল্যাণ বনবিহারের সম্পত্তি। তবে সরকারি নথি অনুযায়ী জমিটি ১৯৩৪ সালের কলকাতা গেজেটে ঘোষিত রাষ্ট্রীয় খাস জমি। প্রশাসনের মতে, ইউপিডিএফের উসকানিতে এই বিরোধ তৈরি হয়েছে, যা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।
স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনী সম্প্রতি ক্যাম্প স্থাপনের প্রস্তুতি নিলে ইউপিডিএফ-সমর্থিত গোষ্ঠী দাবি তোলে যে জমিটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত এবং ‘অস্পর্শনীয়’। এ দাবিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সরকারি নথি বলছে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আওতাধীন ‘জঙ্গল খিরাম জেএল নম্বর ৭৩’-এর নির্দিষ্ট প্লট ১৯৩৪ সাল থেকেই সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষিত। অর্থাৎ জমিটি রাষ্ট্রীয় খাস সম্পত্তি, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়নি। তবুও ইউপিডিএফের প্রভাবে স্থানীয়রা নারী ও শিশুদের সামনে রেখে ‘মানব ঢাল’ তৈরি করছে, যাতে সেনারা অগ্রসর হতে না পারে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, “জমিটি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। আমরা নথি যাচাই করছি। রাষ্ট্রীয় স্বার্থে বিষয়টি সমাধান করা হবে।”
খাগড়াছড়ি জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “আমাদের হাতে কলকাতা গেজেটের কপি রয়েছে। জমিটি রাষ্ট্রীয় খাস হিসেবে নিবন্ধিত। নিরাপত্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় প্রয়োজনে যেকোনো স্থানে ক্যাম্প স্থাপন করতে পারে।”
অন্যদিকে ইউপিডিএফ-ঘনিষ্ঠ ভিক্ষু সংঘের নেতারা দাবি করছেন, জমিটি বনবিহারের নামে স্থানীয়ভাবে দখলভুক্ত। তবে প্রশাসন বলছে, খাস জমি দখল বেআইনি।
স্থানীয় প্রবীণরা অভিযোগ করেন, সেনা টহল বা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলেই ইউপিডিএফ ধর্ম ও জাতিগত পরিচয়ের আড়ালে বাধা দেয়। এতে প্রশাসনও বিব্রত হয়।
একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, “সেনাবাহিনী জনগণের নিরাপত্তার জন্য ক্যাম্প করছে। ইউপিডিএফের আপত্তি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ।”
এদিকে ২৯ অক্টোবর বনবিহারে ‘মহাসংঘদান’ নামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, চাকমা রাজা দেবাশীষ রায় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এতে উপস্থিত থাকবেন। তবে প্রশাসন বলছে, এ বিষয়ে কোনো সরকারি অনুমোদন বা আমন্ত্রণ তাদের কাছে আসেনি।
নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শাহীদুজ্জামান বলেন, “নারী ও শিশুদের সামনে রেখে সেনার অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা কাপুরুষতার প্রকাশ। এটি স্পষ্ট করে যে তারা জনসমর্থন হারিয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও গোয়েন্দা সমন্বয় না হলে পরিস্থিতি সংকটময় হতে পারে।”
বিশ্লেষকদের মতে, সেনা নিয়ন্ত্রণ দুর্বল হলে ইউপিডিএফের মতো সংগঠনগুলো প্রভাব বিস্তার করে। বিশ্বে পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, কসোভো ও চেচনিয়ার উদাহরণ টেনে তারা সতর্ক করেছেন—কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে বিচ্ছিন্নতাবাদীরা আন্তর্জাতিক সহানুভূতি আদায় করে স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারে।
—