ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক, প্রস্তুতির নির্দেশনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৈঠকে অংশ নেন। তারা প্রধান উপদেষ্টাকে আসন্ন নির্বাচনের জন্য বাহিনীগুলোর প্রস্তুতির বিষয়ে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।

সূত্র অনুযায়ী, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।