আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সারাদেশের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী—
🔹 শরীয়তপুর-১ (সদর ও জাজিরা উপজেলা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা সাইদ আহমেদ আসলাম।
🔹 শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জের আংশিক এলাকা) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন জেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান কিরণ।
🔹 শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক এলাকা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
দলীয় সূত্র জানায়, ঘোষিত নামগুলো প্রাথমিক পর্যায়ের। দলীয় নীতিমালা ও সম্ভাব্য জোট সমন্বয়ের ভিত্তিতে এ তালিকায় পরিবর্তন আসতে পারে। নির্বাচনী কৌশল, স্থানীয় সংগঠনের মতামত এবং সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলেই দলের স্থায়ী কমিটির বৈঠকে সারাদেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম অনুমোদন করা হয়। বাকি ৬৩টি আসনে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব।