ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিএনপির সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কে ছত্রভঙ্গ নেতাকর্মীরা

শরীয়তপুর, ৪ নভেম্বর ২০২৫:
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভার সময় সভাস্থলের কাছে টানা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভা চলাকালে হঠাৎ পাশের এলাকায় একের পর এক প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ সভা নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, তারা এখন নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে।”

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।