ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ২২টি পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদক্ষেপের আওতায় আইনশৃঙ্খলা বাহিনীকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে মাঠে নামানো হবে।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সভায় নিরাপত্তা ঝুঁকি, বাহিনীর বদলি, গোয়েন্দা তথ্য বিনিময়, স্যাবোটাজ প্রতিরোধ, সাইবার নিরাপত্তা, পোস্টাল ব্যালটের নিরাপত্তা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বৈঠক তারই অংশ।”
নির্বাচন কমিশনের ২২ দফা পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য:
– নিরাপত্তা পরিকল্পনা ও থ্রেট অ্যাসেসমেন্ট অনুযায়ী জোন ভাগ করে বাহিনী মোতায়েন
– গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিনিময়
– স্যাবোটাজ, সাইবার বুলিং, ভয়েস ক্লোন ও চরিত্র হনন প্রতিরোধে প্রস্তুতি
– অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, সীমান্ত ও সি-রুট সিল
– পোস্টাল ব্যালট ও ওসিভি নিরাপত্তা
– দীর্ঘদিন একই স্থানে কর্মরত বাহিনীর সদস্যদের বদলি
– বিদেশি নাগরিকদের তালিকা ও নিরাপত্তা
– ভোটকেন্দ্রের ঝুঁকি নির্ধারণ ও তালিকা দাখিল
– নির্বাচন অফিস ও প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিতকরণ
কমিশন জানিয়েছে, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে তারা।