লন্ডন, ১০ নভেম্বর — দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদপ্রধান ডেবোরা টারনেস একযোগে পদত্যাগ করেছেন। বিবিসির ইতিহাসে একই দিনে শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
টিম ডেভি পাঁচ বছর ধরে মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং বিশেষ করে ‘প্যানোরামা’ প্রোগ্রামের বিতর্কিত সম্পাদনার কারণে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত একটি অভ্যন্তরীণ মেমোতে অভিযোগ করা হয়, ট্রাম্পের ২০২১ সালের ভাষণের দুটি আলাদা অংশ জুড়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় তিনি ক্যাপিটল হিলে হামলার সরাসরি উস্কানি দিয়েছেন।
রোববার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে ডেভি বলেন, “বিবিসি নিখুঁত নয়। আমাদের সর্বদা স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকতে হবে। কিছু ভুল হয়েছে, আর মহাপরিচালক হিসেবে তার দায় আমার।” একই রাতে টারনেসও জানান, “প্যানোরামা বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে নেতৃত্বের দায় আমারই।” তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট নয়।”
ফাঁস হওয়া মেমোতে আরও উল্লেখ করা হয়, বিবিসি আরবিক বিভাগের ইসরায়েল-গাজা যুদ্ধ সংক্রান্ত প্রতিবেদনে পক্ষপাতের অভিযোগ যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যুতে সম্পাদকীয় নীতির দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
পদত্যাগের পর যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা আশা প্রকাশ করেছেন, এ ঘটনা বিবিসিতে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেবে। অন্যদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছে কারণ তারা আমার ভাষণ বিকৃত করতে গিয়ে ধরা পড়েছে।”
বিবিসির চেয়ারম্যান সামির শাহ পদত্যাগকে “দুঃখজনক দিন” হিসেবে আখ্যা দিয়ে বলেন, ডেভি তার পুরো মেয়াদে বোর্ডের পূর্ণ সমর্থন পেয়েছিলেন। তবে চলমান চাপের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লিসা নন্দী টিম ডেভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি উল্লেখযোগ্য পরিবর্তনের সময় বিবিসিকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বস্ত সংবাদ ও উচ্চমানের প্রোগ্রামিং আমাদের গণতন্ত্র ও সংস্কৃতির জন্য অপরিহার্য।”