ঢাকা, ১০ নভেম্বর — রাজধানীর দুটি পৃথক স্থানে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এবং গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় এই দুই ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় আকাশ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দ্বিতীয় ঘটনায় ভিক্টর ক্লাসিক নামে আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড্ডা সড়কে যানজট সৃষ্টি হয়, যা পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে এবং বাস দুটি সরিয়ে নেয়।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি এবং তদন্ত চলমান রয়েছে।