চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও প্রকাশ্যে গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়ারলেস বার্তায় নির্দেশ দিয়েছেন—অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিহত করতে টহল ও থানা ইউনিটগুলোকে সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার মোডে প্রস্তুত থাকতে হবে।
পুলিশ সূত্র জানায়, এই নির্দেশনা নিরস্ত্র জনসাধারণের বিরুদ্ধে নয়। কমিশনার স্পষ্ট করে বলেছেন, “যার হাতে অস্ত্র নেই, তার ওপর এসএমজি ব্যবহার করা হবে না।”
গত ৫ নভেম্বর বায়েজিদ-চালিতাতলী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ সভায় সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হন এবং এরশাদ উল্লাহ আহত হন। সরোয়ারের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।
এই ঘটনার পর নগরীতে সশস্ত্র তৎপরতা ও জনসম্মুখে হত্যার অভিযোগ বাড়ায় জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। কমিশনারের বার্তায় বলা হয়, “যারা প্রকাশ্যে মানুষ হত্যা করছে, তাদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, গ্যাস গান এবং নাইন মি.মি. পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্টের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১৩টি করা হবে এবং পাহাড়ি এলাকা থেকে অস্ত্র আনা ঠেকাতে নজরদারি জোরদার করা হবে।
কমিশনার হাসিব আজিজ বলেন, “আমার এলাকায় ঢুকে প্রকাশ্যে খুন করে গেল। তারা যেন স্বপ্নেও এমন ঘটনা ঘটানোর সাহস না পায়—এই ব্যবস্থা তারই অংশ।”
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্দেশনায় ফোর্সের আত্মবিশ্বাস বেড়েছে। আইনি জটিলতায় দ্বিধায় থাকা সদস্যরা এখন জানেন, আইন মেনে তাৎক্ষণিক প্রতিরোধে সক্রিয় হতে হবে।