ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে আটক ১৫ জন

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার ভোর): রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফার্মগেট এলাকায় কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এর আগে রাত ৮টার দিকে পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলাকালে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পটকার আলামত পেয়েছে বলে জানিয়েছে। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি।

রাত ৯টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শনের সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল ছোড়া হয়েছিল। এতে মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম চাকলাদার আহত হন।

রাত সোয়া ১০টার দিকে কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সার্ক ফোয়ারা মোড়ে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করছে।

এদিকে মিরপুরে ককটেল ছুড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক যুবক। উপস্থিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের শনাক্তে অভিযান চলছে।