ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মাস পর বাবরের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

দীর্ঘ সাড়ে ২৬ মাসের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুক্রবার (১৪ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তার অপরাজিত শতকে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ফখর জামান ও সাইম আইয়ুবের ওপেনিং জুটি মাত্র ১০ ওভারে দলের খাতায় যোগ করে ৭৭ রান। সাইম ২৫ বলে ৩৩ রান করে বিদায় নিলেও ফখর ও বাবরের দ্বিতীয় উইকেট জুটি জয়ের ভিত গড়ে দেয়। ফখর ৯৩ বলে ৭৮ রান করে আউট হওয়ার আগে বাবরের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন।

এরপর বাবর আজম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১৯ বলে ৮ চার মেরে অপরাজিত ১০২ রানে পৌঁছান। তার সঙ্গে মোহাম্মদ রিজওয়ান ৫৪ বলে অপরাজিত ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন। দুজনের ১১২ রানের অপরাজিত জুটিতে পাকিস্তান ১০ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন জানিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রান যোগ করেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ ও আব্রার আহমেদ তিনটি করে উইকেট নেন।

প্রথম ওয়ানডেতে ৬ রানে জয় পাওয়া পাকিস্তান দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করল। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর।