ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: বেশি পেল কারা, কম পাওয়ার পাল্লা ভারী কোন দিকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ ঘোষণা করেন। একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশটি জারি করেন এবং আইন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।

তবে আদেশ জারির আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল। সরকার সাত দিনের সময় দিলেও দলগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ফলে আদেশ জারি হলেও রাজনৈতিক বিভাজন নিরসন হয়নি, বরং নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিএনপি আদেশকে স্বাগত জানালেও কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে। এনসিপি বলছে, সনদের সবকিছু রাজনৈতিক দলের জন্য, জনগণ কিছুই পায়নি। জামায়াত গণভোটের তারিখ বদলানোর দাবি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকার সবাইকে খুশি রাখার চেষ্টা করলেও মূলত নিজেরা যা চেয়েছে সেটিকেই প্রাধান্য দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রায় নয় মাস ধরে ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে ৮৪টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরি হয়। ২৫টি দল সনদে স্বাক্ষর করলেও এনসিপিসহ কয়েকটি দল স্বাক্ষর করেনি।

বিএনপি চেয়েছিল গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হোক—এ দাবি আদেশে পূরণ হয়েছে। তবে উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপির আপত্তি আমলে নেওয়া হয়নি। জামায়াত ও এনসিপির দাবি অনুযায়ী উচ্চকক্ষে আসন বণ্টন হবে ভোটের অনুপাতে। বিএনপির দুর্নীতি দমন কমিশন, পিএসসি ও ন্যায়পাল নিয়োগ বিষয়ে ভিন্নমতও গ্রহণ করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার মূলত প্রাতিষ্ঠানিক সংস্কারের কুল রক্ষা করেছে, রাজনৈতিক কুল রক্ষা করতে পারেনি। নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়েছে।

অধ্যাপক ড. সাহাবুল হক মনে করেন, আদেশের মাধ্যমে নির্বাচনের পথ পরিষ্কার হয়েছে, তবে কোনো দলই এককভাবে জয়লাভ করেনি। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকার আসলে নিজের অবস্থানই রক্ষা করেছে এবং ঐকমত্য কমিশনের সুপারিশকেই প্রাধান্য দিয়েছে।