ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন, যাত্রীদের প্রাণে রক্ষা

গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, “বাসটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলছিল। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান, বাসের ইঞ্জিনের দিক থেকে আগুন উঠে মুহূর্তেই সামনের অংশ জ্বলে ওঠে। তখন বাসে প্রায় দশজন যাত্রী ছিলেন, সবাই দ্রুত নেমে নিরাপদে বের হয়ে আসেন। তবে ড্রাইভার ও হেলপারকে পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। বাসটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে।