ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে কর্মচারীদের দক্ষতা বাড়াতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দিনব্যাপী কর্মশালা

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শরীয়তপুরের উদ্যোগে “কর্মচারীদের কাজের মান ও দক্ষতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালত চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেনের সঞ্চালনায় কর্মশালার সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাশার মিঞা। কর্মশালায় আদালতে কর্মরত নাজির, ডেসপাস সহকারী, জারিকারক ও দপ্তরীগণসহ সকল সহায়ক কর্মচারীরা অংশ নেন।

দিনব্যাপী কর্মশালার প্রথম সেশন শুরু হয় সকাল ৯টায়। প্রথম ঘণ্টায় ‘সমন জারী সংক্রান্ত বিধিবিধান’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেন। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে সচেতনতা’ এবং ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ‘চাকরির সাধারণ ও আর্থিক বিধিবিধান’ বিষয়ে আলোচনা হয়।

দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ‘শুদ্ধাচার, নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাশার মিঞা। নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘আদেশ ও রায় লিখন এবং প্রদর্শনী চিহ্নিতকরণ’ বিষয়ে নির্দেশনা দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা বিশ্বাস।

শেষ সেশনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘অনুলিপি সরবরাহ, রেকর্ড ব্যবস্থাপনা ও অফিস শৃঙ্খলা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা।

কর্মশালা শেষে আয়োজকরা জানান, নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজন আদালতের কাজের মান বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।