ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, লিচু গাছ ফেলে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় রবিবার রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। ব্যাংকের নিচতলায় আগুন লাগলেও স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করে। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, আগুনে কোনো ক্ষতি হয়নি এবং ঘটনাটি তদন্তাধীন।

এদিকে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে একটি বড় লিচু গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলে দেয়। ফলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের কাজ শুরু করে। তবে রাত তিনটা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

রাজধানীতেও একই রাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে, বাংলামটর এনসিপি কার্যালয়ের সামনে এবং বাড্ডায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।