ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যানবাহনে আগুন বা ককটেল নিক্ষেপে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: রাজধানীতে বাসে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের মতো সহিংসতা ঘটলে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রবিবার বিকালে ওয়্যারলেস বার্তায় তিনি এ নির্দেশ দেন।

গণমাধ্যমে ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি, যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল মেরে জীবনহানির চেষ্টা করে, তাকে গুলি করতে। আমাদের আইনেই এ অধিকার দেওয়া আছে।”

এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘনিয়ে আসায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এর পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা বেড়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঢাকাসহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরেও বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—