ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমকে হুমকি, হাসিনার সাজা হলে ‘কাউকে ছাড় নয়’

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগমুহূর্তে প্রসিকিউশন টিমের সদস্যদের ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে একাধিকবার ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, “গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসতে শুরু করে। আজও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিতে হয়েছে। একই ভাষা, একই কথা—নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে।” তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রসিকিউশন টিমের সদস্যদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।