ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুরে বহুল আলোচিত জুলাই গণঅভ্যুত্থান মামলার রায় ঘোষণা করেছে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীও রায়ের অংশ পড়ে শোনান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর বিচারকাজ শুরু হয় এবং সেদিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
প্রসিকিউশন মোট পাঁচটি অভিযোগ আনে। এর মধ্যে রয়েছে—
– ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং পরবর্তীতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেড় হাজার মানুষ হত্যা ও প্রায় ২৫ হাজারকে আহত করা।
– হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ।
– রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা।
– রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা।
– আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা।
মামলার তদন্ত প্রতিবেদন ছিল ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে তথ্যসূত্র, জব্দতালিকা, প্রমাণাদি ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত ছিল। সাবেক আইজিপি মামুন আদালতে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন।
২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাস প্রার্থনা করেন।
আজকের রায়ে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ যথেষ্ট। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।