ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের: “সুযোগ পেলে দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ”

নয়াদিল্লি, ১৭ নভেম্বর ২০২৫: পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সাম্প্রতিক অপারেশন সিন্দুর ছিল কেবল একটি “৮৮ ঘণ্টার ট্রেলার”। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে পড়শি দেশের প্রতি দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে।

সোমবার ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।”

তিনি জানান, অভিযানের অভিজ্ঞতা থেকে তিনটি বড় শিক্ষা পাওয়া গেছে—
– বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়
– দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও রসদ নিশ্চিত করা
– কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমান সময়ে যুদ্ধ বহুমাত্রিক হয়ে গেছে। তাই শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী, বিমানবাহিনী ও সিএপিএফসহ সব বাহিনীর মধ্যে সমন্বয় অপরিহার্য। তার ভাষায়, “আজকের যুদ্ধ একা লড়া যায় না।”

তিনি আরও উল্লেখ করেন, “এবার ৮৮ ঘণ্টা লেগেছে, পরের বার চার মাসও লাগতে পারে, এমনকি চার বছরও। তাই খাদ্য, অস্ত্র ও গোলাবারুদ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার মতো মজুত থাকতে হবে।”

সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা স্পষ্ট বলেছি— আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। শান্তিপূর্ণ প্রক্রিয়া চাইলে আমরা সহযোগিতা করব; না হলে সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে দেখা হবে।”