কিশোরগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে সোমবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি প্রকাশ করে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় ৬০-৭০ জন অংশ নেয় ওই মিছিলে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে ২০-২৫ জন সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। তবে বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, একটি আনন্দ মিছিল শেষে ঘটনাটি ঘটে। বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা, জানালা ও কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।