ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য “গুরুত্বপূর্ণ মুহূর্ত” হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছি। ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাও জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, বিচারপ্রক্রিয়ার কার্যক্রম সম্পর্কে ওএইচসিএইচআর অবগত ছিল না। তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করে, সে বিষয়ে তারা ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে উঠবে। তিনি বলেন, এ প্রক্রিয়ায় নিরাপত্তা খাতের অর্থবহ সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন আর না ঘটে। ওএইচসিএইচআর জানিয়েছে, এসব প্রচেষ্টায় তারা বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা দিতে প্রস্তুত।