ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর: আপিল বিভাগের রায়

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

গত ১১ নভেম্বর শুনানি শেষে সর্বোচ্চ আদালত রায়ের দিন ধার্য করেছিল। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে।

২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৎকালীন আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়। চলতি বছরের ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত পূর্বের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয়।

পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।