ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশের গাড়িতে করে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এদিন গুমের দুই মামলার শুনানি শুরু হয়। সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর গুম ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে ২৫ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। একইদিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে স্থানান্তর করা হয়।