ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“তরুণদের হাতেই নতুন বাংলাদেশের স্বপ্ন—শরীয়তপুরে তথ্য অফিসের আলোচনা সভা”

তরুণনির্ভর নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।

এ ছাড়া স্কুল–কলেজের শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সভায় অংশ নেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরহাম ও মিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান দেশের পরিবর্তন ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে দক্ষতা, মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে প্রস্তুত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশে বিরাজমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসবাদসহ সামাজিক অনাচার থেকে দূরে থেকে নিজেদের নেতৃত্বের যোগ্য করে তুলতে হবে।

সভায় তরুণদের রাজনৈতিক সচেতনতা বাড়ানো এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা প্রণয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন—তরুণদের অংশগ্রহণ ও প্রতিশ্রুতিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য আরও বেগবান হবে।