ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের মানবতাবিরোধী মামলায় ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার সকালে হাজির করা হয়েছে সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে। টানা ক্ষমতাকালে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী মামলায় তাদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।

সকাল ১০টা ২৩ মিনিটে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। হাজিরকৃত কর্মকর্তারা হলেন—সাবেক র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম, কর্নেল কেএম আরিফ আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

একই মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেনসহ মোট ১৭ জন।

বেলা ১১টার পর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি শুরু হবে। প্রথমে প্রসিকিউশন ও পরে আসামিপক্ষ বক্তব্য দেবেন। পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা যুক্তি উপস্থাপন করবেন।

আদালত প্রাঙ্গণে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।