বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। এ সময়ে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠলেও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে শুরু করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর নিরাপত্তা দেওয়া হতে পারে। এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণত এসএসএফের নিরাপত্তা পান। সম্প্রতি বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে তাকে এ নিরাপত্তা দিয়েছে সরকার।
গোয়েন্দা সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিরাপত্তা শঙ্কা নেই। ব্যক্তিগতভাবেও তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। তবে বুধবার পর্যন্ত দেশে ফেরার কোনো উদ্যোগ নেননি তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।
এদিকে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কারণে দেশে ফিরতে হলে তারেক রহমানকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস নিতে হবে। সরকার জানিয়েছে, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তিনি আবেদন করলে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই। প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।