ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ ওসমান হাদি: ঢাকায় হত্যাচেষ্টা, রাতেই গ্রামের বাড়িতে চুরির ঘটনা

ঢাকার বিজয়নগরে প্রকাশ্যে হত্যাচেষ্টার শিকার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল মহল্লায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই দুই ঘটনার অস্বাভাবিক সময়ক্রম এলাকায় চাঞ্চল্য ও ওই পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ফাঁকা বাড়িতে হানা দেয়। দুপুরে রাজধানীতে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে দেখতে ঢাকায় রওনা দেওয়ায় বাড়িটি নিরাপত্তাহীন অবস্থায় ছিল।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা আলমারিসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়।

তবে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। এই হামলার পরপরই গ্রামের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা শুরু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।