ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে ভুলবশত গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত। তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়ায় এবং তথ্যে গুরুতর অমিল থাকায় আদালত এই আদেশ প্রদান করেন।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম হাসান শাহাদাত দীর্ঘ শুনানি শেষে হান্নানের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব তাকে আটক করেছিল।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগরে হাদিকে হত্যার সময় ঘাতকদের ব্যবহৃত বাইকের নম্বরের সূত্র ধরে হান্নানকে শনাক্ত করা হয়েছিল। তবে হান্নান শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, তিনি অসুস্থতার কারণে তার বাইকটি অনেক আগেই শোরুমে বিক্রি করে দিয়েছিলেন।
সিটিটিসি-র তদন্তে বেরিয়ে এসেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট মডেলের এবং তাতে ভুয়া নম্বর প্লেট লাগানো ছিল। অন্যদিকে হান্নানের নামে নিবন্ধিত গাড়িটি ছিল সুজুকি জিক্সার মডেলের। সিসিটিভি ফুটেজ এবং বিআরটিএ-র তথ্যে এই অমিল পাওয়ায় পুলিশি প্রতিবেদনে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করা হয়।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন দিনের রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। ভুল নম্বর প্লেটের বিভ্রান্তিতে এক সপ্তাহেরও বেশি সময় হাজতবাসের পর অবশেষে আইনি মুক্তি মিলল এই ব্যক্তির।