ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব: জি এম কাদের

দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং তাঁর দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে, তা নিরসনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অপরিহার্য।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিন দিনের সফরে ওইদিন সন্ধ্যায় রংপুরে পৌঁছান জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, তারেক রহমানকে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল, জাতীয় পার্টি তা কখনোই সমর্থন করেনি। এখন তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং তাঁর বক্তব্যে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, তা ইতিবাচক। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর দল বড় ভূমিকা রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি।

নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জি এম কাদের অভিযোগ করেন, বর্তমানে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পার্টির একাধিক প্রার্থী কারাগারে রয়েছেন এবং অনেকে মামলার কারণে এলাকায় যেতে পারছেন না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে ‘বিমাতাসুলভ’ আচরণ বলে অভিহিত করেন।

জাপা চেয়ারম্যান আরও বলেন, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তাঁরা নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাঁদের জন্য একটি চ্যালেঞ্জ। দেশবাসীকে এটি দেখানো প্রয়োজন যে কীভাবে তাঁদের ওপর অন্যায় করা হচ্ছে। তবে চূড়ান্ত পর্যায়ে পরিস্থিতির ওপর ভিত্তি করে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ নাকচ করে দিয়ে জি এম কাদের বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন হয়তো ‘আওয়ামী ফোবিয়া’ বা আতঙ্কে ভুগছে। জোট প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত জোটে যাওয়ার সম্ভাবনা কম থাকলেও কোনো দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে।