ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের শেষ বিদায়ে জাতি ও প্রশাসনের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।

তারেক রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, জীবনের গভীর শোকের মুহূর্তে তিনি তাঁর মায়ের অন্তিম বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে পেরেছেন। এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার পেছনে নিয়োজিত পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা কেবল শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকাতুর পরিবেশে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এছাড়া জানাজায় আসা লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাব এবং এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান তিনি। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্ক প্রহরার বিষয়টিও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সমর্থন পরিবারের জন্য এক অমূল্য শক্তি হিসেবে কাজ করেছে।

জানাজা ও দাফন অনুষ্ঠানের খবর বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের নিষ্ঠার প্রশংসা করেন বিএনপির এই শীর্ষ নেতা। একইসঙ্গে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি। তারেক রহমান বলেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে প্রশাসনের প্রত্যেকের এই সহমর্মিতা ও দায়িত্ববোধ তাঁর পরিবার এবং পুরো জাতির হৃদয় স্পর্শ করেছে।